ছবি: সংগৃহীত
দেশের বেসরকারি স্কুল ও কলেজের দুই হাজার একজন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এর মধ্যে স্কুল পর্যায়ে সিলেটের ৬০ জনসহ এক হাজার ৭৮২ জন এবং কলেজ পর্যায়ে সিলেটের ৭ জনসহ ২১৯ জন শিক্ষক রয়েছেন।
শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাউশি অধিদপ্তরের ৯টি অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকরা অংশ নেন।
সভা সূত্রে জানা গেছে, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের মধ্যে সিলেটের ৬০ জন, বরিশাল অঞ্চলের ২৩৬ জন, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০ এবং রংপুরের ২১৩ জন রয়েছেন।
অন্যদিকে কলেজ পর্যায়ে উচ্চতর স্কেল পাওয়া ২১৯ জনের মধ্যে সিলেটের ৭ জন, বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩ এবং রংপুরের ১২ রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় ইতিবাচক প্রভাব পড়বে।
