https://www.emjanews.com/

15480

national

প্রকাশিত

০৬ মে ২০২৬ ২০:২৫

জাতীয়

শিক্ষার্থীদের পড়া ও গণিতে দক্ষতা না বাড়লে শিক্ষকদের বেতন বন্ধ

প্রকাশ: ০৬ মে ২০২৬ ২০:২৫

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে এবং গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শিখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হতে পারে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ লক্ষ্য নির্ধারণ করেন। এরপর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠাতে শুরু করেছেন।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের জুন মাসের মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৯০ শতাংশ দক্ষতা নিশ্চিত করতে হবে। আর জুলাই মাসের মধ্যে এ অগ্রগতি ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠা জোরে শব্দ করে পড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণিতের মৌলিক চারটি নিয়ম শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

শিক্ষকদের সতর্ক করে চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে আগামী ১০ মের মধ্যে তা ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবের নির্দেশনা অনুযায়ী এ চিঠি দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলাতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি রিডিং দক্ষতা নিশ্চিত করতেই হবে। তা না হলে সরকারের শিক্ষাগত লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।