ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন এবং বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাদের দেওয়া পরামর্শগুলো গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা গেলে দেশের গণতান্ত্রিক কাঠামোও আরও মজবুত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে, কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, যা তদন্ত করে দেখা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না ঘটে, সেদিকেও নজর রাখা হবে।’
মন্ত্রী জানান, সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও সে লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে।
