ছবি: সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি সার্বজনীন দুর্গা মণ্ডপে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা দীপক দত্তের সভাপতিত্বে এবং ছন্দা রানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা কমিটির সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর সদস্য সচিব রাজিব কুমার দে, সিলেট জেলা যুগ্ম-আহ্বায়ক প্রাণেশ দেব, বাপ্পু দত্ত এবং সিলেট মহানগর সদস্য সবুজ তালুকদার।
বিশেষ অতিথিদের বক্তব্যে রাজিব কুমার দে বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, সমঅধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গোপাল দেবনাথ, বিদ্যুৎ সাহা, মলয় চক্রবর্তী, চয়ন কুমার দাশ, চম্পু দত্ত, চন্দন দেব, সুমন দাশ, দীলিপ কুমার দাশ, সঞ্জীব কুমার দাশ, গৌরাঙ্গ বিশ্বাস, চন্দন কুমার দেব, সজল পাল ও বলাই চন্দ দেবসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, যেখানে কোনো ধর্মের মানুষ নিজেকে সংখ্যালঘু মনে করবে না।’
সভায় স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
