https://www.emjanews.com/

15579

sylhet

প্রকাশিত

১১ মে ২০২৬ ১৮:৪৯

সিলেট

প্রথম আলো সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ: ১১ মে ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

“এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক"- শিরোনামে গেলো ৬ ফেব্রুয়ারি প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

 এরই ভিত্তিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান  ও হবিগঞ্জের ষ্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়নসহ ৩ সাংবা‌দি‌কের ওপর মানহানি মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, মীর আব্দুল কাদির, সহিবুর রহমান, দেওয়ান শোয়েব রাজা, এম এ রাজা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রতিষ্ঠান হিসেবে এনজিও পাশা’র ১০ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি ছিল জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথম আলোসহ দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। পরে সংবাদের সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন পাশা’র পর্যবেক্ষক নিয়োগ স্থগিত করে।

বক্তারা আরও বলেন, এতদিন পর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা উদ্দেশ্যপ্রণোদিত। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।