সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। আটক জাকির নিহত শিশুটির প্রতিবেশী এবং এলাকায় ‘চাচা’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতেই জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে মধ্যরাতে অভিযুক্ত জাকিরের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে মরদেহ একটি ব্যাগে রাখা হয় এবং বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ওই ডোবা থেকেই ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। আটক জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, আটক জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।
