ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি।
এ ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না এবং যেখানে প্রয়োজন সেখানে কূটনৈতিকভাবে কথা বলা হবে।
হুমায়ুন কবির আরও বলেন, ‘আগের সরকার আমলের মতো সীমান্ত পরিস্থিতি আর হবে না বলে আমরা আশাবাদী।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়েও কথা বলেন। তার ভাষ্য, সফরে তিস্তা ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে।
তিনি আরও জানান, সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত হয়েছে।
শুভেন্দু অধিকারীর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে নতুন আলোচনা শুরু হয়েছে।
