https://www.emjanews.com/

15596

sylhet

প্রকাশিত

১২ মে ২০২৬ ১৫:১৮

সিলেট

সিলেটে চলছে ব্যাপক ধরপাকড়: ৩২ ঘন্টায় ধরা ৫৮ জন

প্রকাশ: ১২ মে ২০২৬ ১৫:১৮

সিলেট মহানগরজুড়ে টানা অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৫৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দিনভর ২৪ ঘণ্টার অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৮ জনকে আটক করা হয়। এ সময় নিয়মিত মামলার ৫ জন আসামি ও ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। একই সঙ্গে কোতোয়ালী মডেল থানার অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪০ বস্তা ভারতীয় জিরা, ১০৫০ পিস কিটক্যাট চকলেট এবং ২৬৮৮ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২০ পুরিয়া গাঁজা ও ৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

একই অভিযানে বিনা পরোয়ানায় ৩ জনকে আটক করা হয় এবং মেট্রো অধ্যাদেশে ২৫ জনকে আটক করা হয়েছে।

এরপর মঙ্গলবার (১২ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে আরও ২০ জনকে আটক করা হয়। এ সময় নিয়মিত মামলার ৬ জন ও ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে আটক করা হয়। পাশাপাশি ৩ জন মাদকসেবী, কোতোয়ালী মডেল থানার অভিযানে ৫ জন ছিনতাইকারী, ১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ডিবি পুলিশের অভিযানে ১ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।