ছবি: সংগৃহীত
হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইন্টিমেসি কো-অর্ডিনেটররা, যাঁদের কাজ অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা, স্বস্তি ও সম্মান নিশ্চিত করা।
সম্প্রতি এমনই একজন পরিচিত ইন্টিমেসি কো-অর্ডিনেটর ম্যাম স্মিথ খোলামেলা কথা বলেছেন তাঁর পেশা, জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’, অভিনেত্রী জেনডায়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের বাস্তবতা নিয়ে।
‘ইন দ্য এনভেলপ: দ্য অ্যাক্টর’স পডকাস্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে ম্যাম স্মিথ জানান, ২০১৯ সালে স্টান্ট পারফরমার থেকে ইন্টিমেসি কো-অর্ডিনেটর হিসেবে কাজ শুরু করার সময় এই পেশা সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না।
তিনি বলেন, ‘তখন মানুষ বুঝত না ইন্টিমেসি কো-অর্ডিনেটর কী করেন। অনেকে ভাবতেন আমি এইচআর বিভাগের কেউ, আবার কেউ ভাবতেন আমি শুধু শাস্তি বা নিয়ন্ত্রণের জন্য সেটে আছি। কিন্তু আমার কাজ ছিল যোগাযোগ সহজ করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা।’
সময় বদলানোর সঙ্গে সঙ্গে হলিউডে এ পেশার গুরুত্ব বাড়ছে বলে জানান তিনি। টেইলর শেরিডানের ‘ল্যান্ডম্যান’ ও ‘লায়োনেস’ এবং জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র দ্বিতীয় ও তৃতীয় সিজনে কাজ করেছেন ম্যাম স্মিথ।
‘ইউফোরিয়া’তে কাজ করার সময় জেনডায়ার সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হয়। পরে তারা ‘চ্যালেঞ্জার্স’ এবং ‘দ্য ড্রামা’ ছবিতেও একসঙ্গে কাজ করেন।
জেনডায়াকে নিয়ে ম্যাম স্মিথ বলেন, ‘যেকোনো সম্পর্কেই বিশ্বাস গুরুত্বপূর্ণ। সে আমাকে দেখলেই বুঝে যায় আমি বিষয়টা সামলে নেব। সে জানে আমি তার পাশে আছি এবং তাকে নিরাপদ রাখব।’
তিনি আরও বলেন, শুধু বড় তারকা নয়, নতুন অভিনেতাদের প্রতিও একই দায়িত্ববোধ কাজ করে। অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মতি ও পারস্পরিক সম্মান।
ইন্টিমেসি কো-অর্ডিনেটরের কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো ‘বডি ম্যাপিং’, যেখানে অভিনেতারা আগে থেকেই জানিয়ে দেন কোন স্পর্শ তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কোনটি নয়। এতে দৃশ্যের সময় অস্বস্তি বা বিভ্রান্তি এড়ানো যায়।
ম্যাম স্মিথের মতে, ‘যখন সীমারেখা পরিষ্কার থাকে, তখন অভিনেতারা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারেন। পুরো পরিবেশটাই নিরাপদ থাকে।’
তিনি আরও বলেন, বর্তমানে হলিউডে অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের সংস্কৃতি অনেক বেশি পেশাদার ও নিরাপদ হয়েছে। আগে যেখানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো, এখন সেখানে আলোচনা, প্রস্তুতি ও সম্মতির ওপর জোর দেওয়া হচ্ছে।
তার মতে, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের মূল লক্ষ্য শুধু দৃশ্য পরিচালনা নয়, বরং এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে শিল্পীরা আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করতে পারেন।
