https://www.emjanews.com/

15576

national

প্রকাশিত

১১ মে ২০২৬ ১৫:০৪

জাতীয়

দুর্নীতি-স/ন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করা যাবে না: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ মে ২০২৬ ১৫:০৪

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয় বরং ব্যক্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) দুপুরে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসকে কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।’

তিনি বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। পুলিশের সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতিটি ধাপ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে।’

রূপপুর, টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত করে এগিয়ে যাচ্ছে সরকার।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।