https://www.emjanews.com/

19682

sylhet

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৬ ২১:১৪

সিলেট

সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩

একজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা, অন্য দুজনের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ২১:১৪

ছবি: সংগৃহীত

সিলেট নগরে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

পুলিশ কমিশনার জানান, ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণে নিষেধ করা নিয়ে হৃদয় হরিজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাঁকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কমিশনার।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।