সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক উল্টে দীর্ঘ যানজট
ইসলামপুরে দুর্ঘটনা, যানজট ছড়ায় মাধবপুরের রতনপুর পর্যন্ত
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ২০:০৮
ছবি: সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের ইসলামপুর এলাকায় পাথরবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহণেও বিঘ্ন ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ইসলামপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। পরে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকা পর্যন্ত।
দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীদের ভোগান্তি ছিল বেশি। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক যাত্রী। যানজটের কারণে পণ্য পরিবহণেও বিঘ্ন ঘটে।
মাধবপুর থানার ট্রাফিক সার্জেন্ট প্রিন্স জানান, ইসলামপুর এলাকার দুর্ঘটনার প্রভাব মাধবপুর অংশেও পড়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় এমনিতেই যান চলাচলে বিঘ্ন ঘটছে। এর মধ্যে ট্রাক উল্টে সড়কে পড়ে যাওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।
তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। তবে এরপরও মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে ছিল।
সিলেট থেকে ঢাকাগামী আল মুবারকা পরিবহনের এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় চরম অস্বস্তির মধ্যে পড়েছি।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মহাসড়কে যানবাহনের চাপ এবং চলমান উন্নয়নকাজের কারণে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
