https://www.emjanews.com/

15617

sylhet

প্রকাশিত

১৩ মে ২০২৬ ১৫:৫৪

সিলেট

সিলেটে যে কৌশলে জাল টাকা ছড়াতো তারা

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১৫:৫৪

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটে র‌্যাব-৯ এর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর মধ্যে জাল টাকার একটি চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে একজনকে আটক করা হয়, পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, সোমবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তথ্য পাওয়া যায় যে, সিলেটের শাহজালাল (রহ.) মাজার গেটে একজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরও তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পীরের বাড়ী এলাকার মৃত ঠাকুর চাঁদ বালার ছেলে গুরু চাঁদ বালা (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার লগারপাড়া এলাকার মো. হাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হাদি বাঁশকাঠি এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৩৩), এবং শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নগরপাড়া এলাকার মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাশেদ মিয়া (৩০)।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে লক্ষ্য করে প্রতারণা করত। তারা কম দামের পণ্য কেনার অজুহাতে বড় অংকের জাল নোট দিত এবং দোকানির কাছ থেকে ভাংতি হিসেবে আসল টাকা নিয়ে নিত।

র‌্যাব-৯ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ করে উৎসবের সময় মানুষের ভিড়ের সুযোগ নিয়ে জাল টাকা ছড়িয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।