ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে দুই দিনে মোট ১৬ ঘণ্টা গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়তে পারেন কয়েক হাজার গ্রাহক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানাতে শহরের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে।
সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেমস লিমিটেডের আবাসিক প্রধান মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
টানা দুই দিন দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্না ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে পারেন নগরবাসী।
কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।
