টিকা ব্যবস্থাপনায় অনিয়ম তদন্তের সিদ্ধান্ত সংকট শেষে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ১৪ মে ২০২৬ ১৯:২১
ছবি: সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, টিকা ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা হয়ে থাকলে তা তদন্ত করা হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত বর্তমান স্বাস্থ্য সংকট কাটিয়ে ওঠার পর কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে।
তিনি বুধবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সাংবাদিকরা সাম্প্রতিক টিকা সরবরাহ, শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগের জটিলতা নিয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, এখন সরকারের প্রধান অগ্রাধিকার হলো সংকট মোকাবিলা করা এবং শিশুদের জীবন রক্ষা করা।
তিনি বলেন, এই মুহূর্তে দোষ খোঁজার চেয়ে রোগীদের সেবা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে হামের পর অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায় বলেও তিনি সতর্ক করেন এবং জানান, জটিল রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে হামের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং আক্রান্তদের জন্য আইসোলেশন, আইসিইউ সুবিধা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। নিউমোনিয়াজনিত জটিলতা মোকাবিলায় ভেন্টিলেশন সুবিধাও বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ভ্যাকসিন সরবরাহ ও বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে এবং বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পোলিও ও অ্যান্টি-র্যাবিস টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, যেসব শিশু এখনো টিকার আওতার বাইরে রয়েছে বা বাদ পড়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে কাজ জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংকট মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের ইপিআই কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
