ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এছাড়া আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময়ে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
