https://www.emjanews.com/

15629

jobs

প্রকাশিত

১৩ মে ২০২৬ ২০:৩৭

চাকুরী

দীর্ঘ অপেক্ষার পর আলোচনায় নবম জাতীয় বেতন স্কেল

প্রকাশ: ১৩ মে ২০২৬ ২০:৩৭

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো ঘোষণা হয়নি। তবে ২০২৬ সালে এসে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি মহলে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

সরকারি চাকরিজীবীদের মধ্যে ঘুরে বেড়ানো প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬–এর একটি খসড়া তালিকাও আলোচনায় এসেছে। সেখানে গ্রেডভিত্তিক বেতন কাঠামো উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, প্রথম গ্রেডে নির্ধারিত বেতন ১ লাখ ৬০ হাজার টাকা ধরা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এছাড়া নিম্ন গ্রেডগুলোতেও বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, একাদশ গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা বেতন প্রস্তাব করা হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে আলোচিত এই তালিকা এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ তালিকাকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো দ্রুত ঘোষণা করা হবে। এখন সরকারি গেজেট প্রকাশের দিকেই তাকিয়ে আছেন লাখো সরকারি চাকরিজীবী।