ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত দেশব্যাপী অফিসসমূহ বন্ধ থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব অফিস খোলা থাকবে।
এছাড়া ১৪ মে রবিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্তের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরাও এ ছুটির আওতার বাইরে থাকবেন।
বিশেষ করে ‘২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা’র সিদ্ধান্তকে কেন্দ্র করে চাকরিজীবীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। টানা ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন অনেকে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
দীর্ঘ ছুটিকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার হতে শুরু করেছে।
