মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে স্টেমেইস স্কুলে স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন
প্রকাশ: ১৬ মে ২০২৬ ২০:০৬
ছবি: সংগৃহীত
সিলেটে স্টেমেইস স্কুলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী ‘ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে শনিবার (১৬ মে) ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, স্ক্রীন টাইমের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রোগ্রামে সিলেটের বিশিষ্ট মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির কুমার বসাক শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
মাউন্ট এডোরা হসপিটালের কনসালটেন্ট অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মোঃ তৌফিক আলম সিদ্দিকী (জাফরান) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।
এছাড়া হাসপাতালের মেডিকেল সার্ভিসেস-এর উপ-পরিচালক ডা. তানভীরুজ্জামান মানসিক বিকাশ বিষয়ে দিকনির্দেশনা দেন।
সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন স্ক্রীন টাইমের ক্ষতিকর প্রভাব এবং ডা. আবু জাওয়াদ মোঃ আহসানুল্লাহ স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
এছাড়া সিসিইউ কনসালটেন্ট ডা. মোঃ রায়হান আহমদ হার্ট অ্যাটাক রোগীদের জন্য কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন, যা জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হেলথ স্ক্রিনিং প্রোগ্রামে চক্ষু, ইএনটি, ডেন্টাল, ডার্মাটোলজি, শিশু রোগ, কিশোর-কিশোরী স্বাস্থ্য, মেডিসিন ও বাত-ব্যথাসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাউন্ট এডোরা হসপিটাল-এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান।
এছাড়া হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও স্টেমেইস স্কুলের প্রিন্সিপাল হুমায়রা বেগম, ভাইস প্রিন্সিপাল আমিরুল ইসলাম সাদি, সিইও মাহবুব সুন্নাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল ও স্টেমেইস স্কুলের মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় স্কুলের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের আখালিয়া ও নয়াসড়ক শাখায় বিশেষ কর্পোরেট সুবিধা ও স্বাস্থ্যসেবা পাবেন।
অভিভাবক ও শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
