ছবি: সংগৃহীত
দেশকে মধ্যপ্রাচ্যের নতুন চলচ্চিত্র প্রযোজনা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সিনেমা নির্মাণে বিদেশি ও স্থানীয় প্রযোজকদের আকৃষ্ট করতে সংস্কৃতি খাতে আর্থিক প্রণোদনা ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার ঘোষণা দিয়েছে দেশটি।
শুক্রবার (১৫ মে) কান চলচ্চিত্র উৎসব-এ সৌদি ফিল্ম কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। উৎসবের ‘মার্শে দু ফিল্ম’ সেশনে পরিকল্পনাটি তুলে ধরেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি।
মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি-র প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রণোদনার হার বাড়ানোই নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়াও আরও সহজ করতে যাচ্ছে সৌদি সরকার। পাশাপাশি নির্মাতাদের জন্য আর্থিক সহায়তা পর্যবেক্ষণ ও বিতরণ ব্যবস্থায় বাড়ানো হচ্ছে স্বচ্ছতা।
এ ছাড়া রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত কালচােরাল ডেভেলপমেন্ট ফান্ড-এর সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন প্যাকেজ চালুর কথাও জানিয়েছে সৌদি ফিল্ম কমিশন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবকে সম্ভাবনাময় নতুন প্রযোজনা হাব হিসেবে দেখছেন অনেক নির্মাতা ও প্রযোজক।
তবে ঘোষণায় এখনো নির্মাণ বাজেটের সীমা কিংবা বার্ষিক প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ প্রকাশ করা হয়নি। ফলে নতুন এ কার্যক্রম বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক প্রযোজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
প্রসঙ্গত, গত বছর সিনেমা প্রদর্শন খাত থেকে সৌদি আরবের রাজস্ব আয় প্রায় ১ বিলিয়ন ডলারে পৌঁছায়। বিশ্লেষকদের ধারণা, নতুন বিনিয়োগ ও বাড়তি প্রণোদনার ফলে ভবিষ্যতে দেশটির চলচ্চিত্র খাত থেকে আয় আরও বাড়তে পারে।
