https://www.emjanews.com/

15612

entertainment

প্রকাশিত

১২ মে ২০২৬ ২২:০৯

বিনোদন

সংগ্রামী নওয়াজউদ্দিন সিদ্দিকি

প্রকাশ: ১২ মে ২০২৬ ২২:০৯

ছবি: নওয়াজউদ্দিন সিদ্দিকি

যেকোনো চরিত্রে অনায়াসে মানিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে বাণিজ্যিক ও শৈল্পিক- উভয় ধারার হিন্দি সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে আজকের এই সফল অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে তার দীর্ঘ সংগ্রাম, দারিদ্র্য ও অনিশ্চয়তার কঠিন পথ।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নওয়াজউদ্দিন জানান, মুম্বাইয়ে তার শুরুর দিনগুলো ছিল দারিদ্র্য ও সংগ্রামে ভরা। অভিনয়ের স্বপ্ন নিয়ে শহরে এসে তিনি প্রথমে জীবিকা নির্বাহ করেন নিরাপত্তারক্ষী হিসেবে। পাশাপাশি থিয়েটারে কাজ করে নিজেকে প্রস্তুত করতে থাকেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুতে আত্মবিশ্বাস থাকলেও বারবার প্রত্যাখ্যানের মুখে তা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। অনেক সময় নিজের যোগ্যতা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

নওয়াজউদ্দিন আরও জানান, প্রায় এক দশক তিনি নিজেকে ‘দুর্ভাগা’ মনে করতেন। বড় সুযোগ এলেও অনেক সময় শেষ মুহূর্তে তা হাতছাড়া হয়ে যেত। এমনকি পরিবারকে কাজ পাওয়ার খবর দেওয়ার পরও শুটিং শুরু হওয়ার আগেই বাদ পড়ার অভিজ্ঞতাও হয়েছে তার।

সংগ্রামের সেই দিনগুলোতে মানসিক চাপও ছিল তীব্র। তিনি বলেন, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছেন, আবার কখনো কেউ না দেখলে কান্না থামাতে পারেননি। এমনও দিন গেছে, যখন তিন বেলার খাবার ছিল শুধু বিস্কুট।

অবশেষে অনুরাগ কশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমা তাকে এনে দেয় জাতীয় পরিচিতি ও সাফল্য। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান দৃঢ় করেন তিনি।

তবে সাফল্যের পরও নিজের অতীত সংগ্রাম ভুলে যাননি এই অভিনেতা। তিনি বলেন, পুরোনো দিনের কষ্টই তাকে মাটির সঙ্গে যুক্ত রাখে এবং প্রতিনিয়ত বিনয়ী থাকতে সাহায্য করে।