ছবি: সংগৃহীত
সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বিভাগজুড়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৫১ শিশুর মৃত্যু হয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল পর্যন্ত) আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও।
শনিবার (২৩ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুরা হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জের আবিদ (১০ মাস), শাহপরাণ এলাকার আরাবি আহমদ (১৫ মাস), মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নাফি ইসলাম (৫ মাস) এবং সুনামগঞ্জের দিরাইয়ের নিলয় রায় (৬ মাস)।
এর মধ্যে আবিদ ও আরাবি আহমদ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং নাফি ইসলাম ও নিলয় রায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছে ৪ জন এবং বাকিরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন শিশু। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারও হাম রোগ শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
