ছবি: ইমজা নিউজ
সিলেটে ধর্ষণের পর খুন হওয়া চার বছরের শিশু ফাহিমা আক্তারের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (২৪ মে) সিলেট সফরে এসে বিকেলে তিনি জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার ফাহিমাদের বাড়িতে যাবেন বলে সফরসূচী সূত্রে জানা গেছে।
এর আগে বিকাল সাড়ে ৪টায় তিনি সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সফরসূচী সূত্রে আরও জানা গেছে, এরপর বিকাল সাড়ে ৫টায় মন্ত্রী নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাড়িতে যাবেন।
প্রসঙ্গত, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। পরে ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ মে রাতে শিশুটিকে হত্যার অভিযোগে প্রতিবেশী চাচা জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা উঠে আসে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ মে সকালে শিশুটিকে একটি দোকান থেকে সিগারেট এনে দিতে পাঠানো হয়। পরে তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে স্বীকারোক্তিতে জানায় অভিযুক্ত। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে গলা টিপে হত্যা করা হয়।
পরবর্তীতে মরদেহ ঘরের ভেতরে ব্রিফকেসে লুকিয়ে রাখা হয় এবং পরে বাড়ির নিচে রাখা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে গভীর রাতে মরদেহ পাশের ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত মরদেহ ডোবায় না ফেলে পাশেই রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিশ আরও জানায়, অভিযুক্তের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাদর ও ব্রিফকেস উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করে তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
