লন্ডনের হোয়াইটহলে জাতিসংঘ শান্তিরক্ষার ৭৮তম বার্ষিকী স্মরণ
দ্য সেনোটাফে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ব শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ২৩ মে ২০২৬ ২২:৩০
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ইউএনএ-ইউকে) জাতিসংঘ শান্তিরক্ষার ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে এক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে।
এই গৌরবময় আয়োজনটি বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয়।
১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে যারা বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের স্মরণ করা হয় এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ওয়েস্টমিনস্টার ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেভিড ওয়ারড্রপ। পরে শান্তিরক্ষীদের আত্মত্যাগের স্মরণে প্রার্থনা পরিচালনা করেন রেভারেন্ড ডক্টর অ্যালেক্স বেনেট সিএফ, সিনিয়র চ্যাপলিন, লন্ডন জেলা এবং হাউসহোল্ড ডিভিশনের চ্যাপলিন।
অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং উপস্থিত ছিলেন, ইস্টবোর্নের সাউথ ইস্ট শাখার সভাপতি মোজমিল হুসেন, অ্যাস্ট্রিড বার্নাডোট, মার্ক উডকক, ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি, ব্রিটিশ সংসদ সদস্য ক্রিস এলমোর, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মার্ক ফ্লেউইন, পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রধান কনস্টেবল মার্ক উইলিয়ামস, রয়্যাল ব্রিটিশ লিজিয়নের পক্ষ থেকে হেলেন ওয়েন ও ট্রাস্টি জিম সিবল্ডসহ লন্ডনের কূটনৈতিক কর্পসের সদস্যরা এবং প্রাক্তন জাতিসংঘ শান্তিরক্ষীরা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়্যাল ব্রিটিশ লিজিয়নের সদস্যসহ বিভিন্ন দেশের সাবেক শান্তিরক্ষী কর্মকর্তা ও সদস্যরা।
দিনটিতে মোট ১২০টি দেশের শান্তিরক্ষীদের স্মরণ করা হয়, যারা শান্তির জন্য কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। এর মধ্যে ১০৬ জন ছিলেন ব্রিটিশ নাগরিক।
সম্প্রতি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনএফআইসিওয়াইপি)-এ দায়িত্ব পালন শেষে ফিরে আসা সৈন্যরা কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে রয়্যাল এয়ার ফোর্সের ব্যান্ড বাদ্যযন্ত্র পরিবেশন করে।
হোয়াইটহলের দুই পাশে হাজার হাজার জনতা দাঁড়িয়ে এই স্মরণ অনুষ্ঠান উপভোগ করেন এবং শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান।
