ছবি: সংগৃহীত
বাঙালির অহংকার ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার (২৪ মে) সিলেট নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য স্মরণোৎসব। উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদের উদ্যোগে 'সিংহবাড়িতে কবি নজরুল শতবর্ষ (১৯২৬-২০২৬ খ্রিষ্টাব্দ) স্মরণোৎসব' শীর্ষক এই অনুষ্ঠানটি রবিবার বিকেল ৪:৩০ মিনিটে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ, বালুচরস্থ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ ও ১৯২৮ খ্রিষ্টাব্দে শ্রীভূমি সিলেটে শুভাগমন করেছিলেন। অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয় হলো, দুইবারই কবি সিলেটের চৌহাট্টাস্থ ঐতিহ্যবাহী 'সিংহবাড়ি'তে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। কবির সেই ঐতিহাসিক স্মৃতিকে অম্লান করে রাখতেই এই শতবর্ষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সম্পূর্ণ নির্ধারিত সময়ে শুরু হবে এবং এটি মূলত দুটি পর্বে বিভক্ত থাকবে।
১ম পর্ব (বিকেল ৪:৩০ মিনিট) উদ্বোধনী সংগীত ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর নজরুল সংগীতের দলীয় ও একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে সিলেটের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো। দলীয় পরিবেশনায়: নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট), হিমাংশু বিশ্বাস, সুকোমল সেন, বিজন কুমার রায়।
এছাড়া বিপ্রদাস ভট্টাচার্য্যের পরিচালনায় 'ললিতকলা একাডেমি', প্রদীপ দের পরিচালনায় 'সংগীত নিকেতন', পদ্মিনী ইমনের পরিচালনায় 'সুর ও বাণী' এবং মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্নার পরিচালনায় 'সুরের ভূবন' দলীয় সংগীত পরিবেশন করবে। একক সংগীত: সংগীত পরিবেশন করবেন ডা. বর্ষা মজুমদার পাঁপড়ি এবং আনন্দলোকের অরুনিমা দাশ। আবৃত্তি: কবি নজরুলের কবিতা আবৃত্তি করবেন 'চারুবাক'-এর পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য এবং 'শ্রুতি'-এর পরিচালক সুকান্ত গুপ্ত।
দলীয় নৃত্য: পপি দাশের পরিচালনায় 'নৃত্যরথ' এবং প্রতিভা রায় কেয়ার পরিচালনায় 'ললিত মঞ্জরী' নৃত্য পরিবেশন করবে। যন্ত্রানুষঙ্গে: তবলায় থাকবেন জ্যোতির্ময় ধর সৌরভ, কী-বোর্ডে সুদীপ চক্রবর্ত্তী এবং অক্টোপ্যাডে সুদীপ পাল।
২য় পর্ব (সন্ধ্যা ৬:৩০ মিনিট): অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইংল্যান্ডের নটিংহ্যাম থেকে আগত শিল্পীদের বিশেষ পরিবেশনা 'পরদেশি বঁধুয়া' অনুষ্ঠিত হবে। এতে পরিবেশন করবেন ড. শর্মিলা সেন ঊর্মি, আনন্দী সেন ও অনিরুদ্ধ সেন। এই পর্বে তবলায় সহযোগিতা করবেন ড. অরিজিৎ সেন দীপ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সঞ্জয় কুমার নাথ ও শাশ্বতী ঘোষ সোমা।
উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এক বিবৃতিতে সিলেটের সকল নজরুলানুরাগী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গকে সবান্ধব উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
কবি নজরুলের স্মৃতিধন্য এই আয়োজনটি সিলেটে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
