প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি
প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৩:৫৩
ছবি: ইমজা নিউজ
প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেটে প্রবাসী ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রবাসী কল্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি আরো বলেন, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার।
এছাড়াও, সড়ক দুর্ঘটনায় সহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারকে বিতরণ করা হয়।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে ঈদের আগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত হওয়া শ্রমিকের পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
