https://www.emjanews.com/

15962

sports

প্রকাশিত

৩০ মে ২০২৬ ০০:৩৫

খেলাধুলা

বৈভব সূর্যবংশী: ক্রিকেট বিশ্বে পনেরো বছরের এক বিস্ময়!

প্রকাশ: ৩০ মে ২০২৬ ০০:৩৫

ছবি: সংগৃহীত

ক্রিকেট কখনও কখনও শুধুই খেলা থাকে না। সেটি হয়ে ওঠে কবিতা, বিস্ময়, কিংবা কোনও কিশোরের চোখে লেখা অসম্ভবের স্বপ্ন। এবারের আইপিএলে সেই স্বপ্নের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে যে ছেলেটি ব্যাট হাতে নামছে, তাকে দেখে মনে হচ্ছে যেন ক্রিকেটের আকাশে হঠাৎ জ্বলে ওঠা ধূমকেতু। আলো ছড়িয়ে সে এগিয়ে চলেছে একের পর এক রেকর্ডের দিকে।

এলিমিনেটরে শতরান হাতছাড়া হয়েছিল মাত্র তিন রানের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানস এর বিরুদ্ধে আবারও থেমে যেতে হল শতরানের খুব কাছে এসে; চার রান দূরে। কিন্তু সংখ্যার অপূর্ণতা ঢেকে দিয়েছে তার ব্যাটের দীপ্তি। কারণ, সে শুধু রান করছে না; ক্রিকেটের ইতিহাসের পাতায় নিজের নাম লিখছে আগুনের অক্ষরে।

মাঠে বৈভবকে দেখলে মনে হয়, যেন কৈশোরের শরীরে কোনও অভিজ্ঞ যোদ্ধার আত্মা বাস করছে। বোলারদের উপর তার আক্রমণ এতটাই নির্মম, যেন বর্ষার উন্মত্ত নদী বাঁধ মানতে অস্বীকার করছে। আর সেই দুরন্ত স্রোতেই ভেসে যাচ্ছে একের পর এক রেকর্ড।

সবচেয়ে বিস্ময়কর কীর্তি; আইপিএলের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ রান পূর্ণ করেছে বৈভব। মাত্র ৪৪০ বলে! ক্রিকেটের বিস্ফোরক ব্যাটার আন্দ্রে রাসেল যেখানে নিয়েছিলেন ৫৪৫ বল, সেখানে বৈভব যেন সময়কেই ছোট করে দিল। ক্রিকেটের অভিধানে ‘অসম্ভব’ শব্দটাকে সে যেন নতুন করে লিখছে।

শুধু তাই নয়, দ্রুততম ভারতীয় হিসেবে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান করার নজিরও এখন তার দখলে। মাত্র ২৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছে সে। এর আগে ভারতীয়দের মধ্যে এই রেকর্ড ছিল সাই সুদর্শন এর এর, যিনি ২৫ ইনিংস নিয়েছিলেন। আর সামগ্রিক তালিকায় এগিয়ে ছিলেন শান মার্শ। কিন্তু বৈভব যেন পরিসংখ্যানের সিঁড়ি এক লাফে টপকে যাচ্ছে।

তার ব্যাট যেন এক শিল্পীর তুলি। চার আর ছয়ের রঙে সে আঁকছে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্যানভাস। আইপিএল প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বাউন্ডারির নজির এখন তার। ১৩৫টি বাউন্ডারি; ৬৩টি চার এবং ৭২টি ছয়! এতদিন এই রেকর্ড ছিল জস বাটলার এর দখলে। কিন্তু বৈভবের ব্যাটে যেন বজ্রের শব্দ; বল মাঠের বাইরে উড়ে যাচ্ছে আর দর্শক গ্যালারিতে উঠছে বিস্ময়ের ঢেউ।

পাওয়ার প্লে-তেও সে যেন ঝড়ের আরেক নাম। এবারের আইপিএলে প্রথম ছয় ওভারে তার সংগ্রহ ৫২১ রান। ভেঙে দিয়েছে ডেভিড ওয়ার্নারের -এর ৪৬৭ রানের রেকর্ড। ক্রিকেটবিশ্ব এতদিন পাওয়ার প্লে-তে আগ্রাসনের সংজ্ঞা খুঁজত ওয়ার্নারের ব্যাটে; এখন সেই সংজ্ঞার নতুন নাম বৈভব সূর্যবংশী।

সবচেয়ে অবিশ্বাস্য তথ্যটি হয়তো বয়স। মাত্র ১৫ বছর ৬৩ দিনে আইপিএলে ৭০০ রানের গণ্ডি পেরিয়েছে সে। যেখানে সাই সুদর্শন এই নজির গড়েছিলেন ২৩ বছর বয়সে, সেখানে বৈভব যেন সময়ের নিয়মই বদলে দিয়েছে। ক্রিকেটের ইতিহাসে এত কম বয়সে এমন দাপট; এ যেন শরৎচন্দ্রের উপন্যাসের সেই দুরন্ত কিশোর, যে সব বাধা ভেঙে নিজের পথ তৈরি করে নেয়।

আরও একটি অনন্য কীর্তি; আইপিএলের ইতিহাসে প্রথম ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসেবে এক মরসুমে ৭০০ বা তার বেশি রান। এর আগে সর্বোচ্চ ছিল জশস্বী জয়সাল এর ৬২৬ রান। বৈভব সেই সীমারেখাও মুছে দিয়েছে অনায়াসে।

ক্রিকেটবিশ্বে মাঝেমধ্যে এমন কিছু প্রতিভা আসে, যাদের দেখে মনে হয় তারা শুধুই একজন খেলোয়াড় নয়; একটি যুগের সূচনা। শচীন রমেশ টেন্ডুলকার যখন প্রথম ব্যাট হাতে নেমেছিলেন, তখন ক্রিকেট বিশ্ব এক বিস্ময়ের জন্ম দেখেছিল। আর এখন, পনেরো বছরের বৈভব সূর্যবংশী হয়তো লিখতে শুরু করেছে নতুন অধ্যায়।

তার ব্যাটের শব্দে আজ শুধু রান ওঠে না, জেগে ওঠে ভবিষ্যতের প্রতিশ্রুতি। ক্রিকেটের বিশাল মহাকাব্যে এই কিশোর যেন নতুন নায়ক; যার চোখে ভয় নেই, যার ব্যাটে দ্বিধা নেই, আর যার স্বপ্নের কোনও সীমানা নেই।