১৫ তরুণ পাচ্ছে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১৮:২৮
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে প্রকল্পভিত্তিক মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান দেওয়া হবে।
আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী তরুণ ও যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং যুব সংগঠনগুলোর কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পভিত্তিক অনুদানের মাধ্যমে নিবন্ধিত যুব সংগঠনগুলো তাদের বিভিন্ন উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা পাবে।
