https://www.emjanews.com/

15965

surplus

প্রকাশিত

৩০ মে ২০২৬ ০১:১৭

অন্যান্য

৯ মাসের শিশুর ফুসফুস থেকে এলইডি বাল্ব অপসারণ

প্রকাশ: ৩০ মে ২০২৬ ০১:১৭

ছবি: সংগৃহীত

ভারতের পুনেতে মাত্র ৯ মাস বয়সি এক শিশুর ফুসফুস থেকে সফলভাবে এলইডি বাল্ব অপসারণ করেছেন চিকিৎসকেরা। অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। ঘটনাটি নিয়ে চিকিৎসক মহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ঘটনাটি ঘটে ভারতের পুনেতে অবস্থিত আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সে সহাসপাতালে। জানা যায়, শিশুটি খেলতে গিয়ে তারসহ একটি ছোট এলইডি বাল্ব গিলে ফেলে। পরে সেটি শ্বাসনালির ভেতর দিয়ে বাম ফুসফুসের গভীরে আটকে যায়। এতে শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখতে পান, বাল্বটি শ্বাসনালির এমন একটি স্থানে আটকে আছে যেখানে সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারত। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল জরুরি ভিত্তিতে ব্রঙ্কোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

চিকিৎসকেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটির শ্বাসনালিতে বিশেষ যন্ত্র প্রবেশ করিয়ে ধীরে ধীরে আটকে থাকা এলইডি বাল্বটি বের করেন। পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ, কারণ শিশুটির বয়স খুব কম হওয়ায় শ্বাসনালিও ছিল অত্যন্ত সরু ও সংবেদনশীল।

ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ণ কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানানো হয়, শিশুটির জীবন গুরুতর ঝুঁকির মধ্যে ছিল। শ্বাসনালি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে দক্ষ চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে কোনো জটিলতা ছাড়াই শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পোস্টটিতে চিকিৎসকদের পেশাদারিত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করা হয়। পাশাপাশি শিশুটির শ্বাসনালি থেকে বের করা ছোট লাল রঙের এলইডি বাল্বের ছবি এবং অস্ত্রোপচারের আগের ও পরের এক্স-রে চিত্রও প্রকাশ করা হয়েছে। এক্স-রে ছবিতে শিশুটির ফুসফুসে আটকে থাকা বাল্বটি স্পষ্টভাবে দেখা যায়।