ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলে ব্যক্তিগত বাজারমূল্যের আলোচনায় নিয়মিতই উঠে আসে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা কিলিয়ান এমবাপের নাম। তবে দলগত বাজারমূল্যের হিসাব করলে অন্য সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান স্কোয়াড এখন এমবাপেদের।
ইংল্যান্ডভিত্তিক এক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৩২ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯৫৫ কোটি টাকার সমান। দলটির সবচেয়ে মূল্যবান খেলোয়াড় কিলিয়ান এমবাপে, যার একক বাজারমূল্য প্রায় ১৭ দশমিক ৩ কোটি পাউন্ড।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেন ও জুড বেলিংহ্যামদের দলটির মোট মূল্য প্রায় ১১৩ কোটি পাউন্ড বা ১৪ হাজার ৫১২ কোটি টাকা। ইংল্যান্ডের সবচেয়ে দামি ফুটবলার বেলিংহ্যামের বাজারমূল্য প্রায় ১৫৫৪ কোটি টাকা।
শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে স্পেন, পর্তুগাল ও জার্মানিও। লামিনে ইয়ামালদের স্পেনের মোট মূল্য প্রায় ১৪ হাজার কোটি টাকা। পর্তুগালের স্কোয়াডের মূল্য প্রায় ১১ হাজার ৩০০ কোটি এবং জার্মানির প্রায় ১১ হাজার ৭৮ কোটি টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল, যাদের বর্তমান দলের মূল্য প্রায় ১০ হাজার ১২৪ কোটি টাকা। সপ্তম স্থানে নেদারল্যান্ডস এবং অষ্টম স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের মোট বাজারমূল্য প্রায় ৯ হাজার ৯০ কোটি টাকা। শীর্ষ দশের বাকি দুই দল নরওয়ে ও বেলজিয়াম।
স্বাগতিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৮তম। তাদের স্কোয়াডের মূল্য প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। অন্য দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকো যথাক্রমে ২৬ ও ২৭ নম্বরে রয়েছে।
এশিয়ার সবচেয়ে মূল্যবান দল জাপান, যারা তালিকায় ২২তম স্থানে রয়েছে। জাপানের স্কোয়াডের মূল্য প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার অবস্থান ৩৩তম, তাদের দলের মূল্য প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা।
অন্যদিকে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম মূল্যবান স্কোয়াড জর্ডানের। দেশটির জাতীয় দলের মোট বাজারমূল্য মাত্র ২১৭ কোটি টাকার কাছাকাছি।
