প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর
প্রকাশ: ০৪ জুন ২০২৬ ২০:৫৮
ছবি: সংগৃহীত
ঈদের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আলোচনা থাকলেও ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশে অন্তত আরও ১০ দিন সময় লাগতে পারে। পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা বেশি হওয়ায় তথ্য যাচাই-বাছাইয়ের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে।
তিনি বলেন, ‘এবার সারা দেশে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। ফলাফল নির্ভুলভাবে প্রস্তুত ও আইপিইএমআইএস সফটওয়্যারে আপলোড করতে আইটি টিম দিনরাত কাজ করছে।’
আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার শিক্ষার্থী, যা মোট বৃত্তির ৮০ শতাংশ এবং বেসরকারি বা কিন্ডারগার্টেনের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী, অর্থাৎ ২০ শতাংশ বৃত্তি পাবে। ছেলে ও মেয়েদের জন্য বৃত্তি বণ্টনের অনুপাত ৫০:৫০ রাখা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড- এই দুই ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। ট্যালেন্টপুলে নির্বাচিত ৩৩ হাজার শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে নির্বাচিত ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
ঘরে বসেই জানা যাবে ফলাফল
ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইন এবং এসএমএসের মাধ্যমে সহজেই ফলাফল জানতে পারবেন।
অনলাইনে ফলাফল দেখতে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার সাল নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর প্রদান করে সাবমিট করলে ফলাফল দেখা যাবে। একই সঙ্গে জেলা ও উপজেলা ভিত্তিক মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।
এছাড়া ইন্টারনেট সুবিধা না থাকলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DPE <স্পেস> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফলাফল জানা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব তথ্য যাচাই শেষে নির্ভুল ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
