গ্রীষ্ম ও বর্ষার সন্ধিক্ষণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপীস্থ হোয়াইট বার্ড একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও গীতিকার ইশতিয়াক রুপুর পৃষ্ঠপোষকতায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসব পূর্ববর্তী আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আতাউল হোসেন সভাপতিত্ব ও একাডেমির ভাইস প্রিন্সিপাল শহীদুল ইসলাম রেদুয়ানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াকুব শাহরিয়ার।
এতে প্রধান আলোচক ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আহমদ আল কবির চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির উপদেষ্টা এম কাশেম চৌধুরী, সুনুর আলী, বিএনপি নেতা মিয়া সাইফুল, সাংবাদিক আলমগীর হোসেন ও শাহেদ মিয়া প্রমুখ।
উৎসবে শিক্ষার্থীরা আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফলের প্রদর্শনী করে। এ সময় তারা ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কেও উপস্থাপনা করে।
প্রধান আলোচকের বক্তব্যে আহমদ আল কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক, সৃজনশীল ও দেশীয় ঐতিহ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করছে হোয়াইট বার্ড একাডেমি।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে সবাই একসঙ্গে বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন। উপস্থিত অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
