সিলেটের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক
প্রকাশ: ১২ জুন ২০২৬ ২০:১০
ছবি: সংগৃহীত
শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বিশ্বকাপ ফুটবল এলেই অনেক দেশের মতো বাংলাদেশেও উন্মাদনা বেশি হয়। সিলেটের রাজনীতি ও প্রশাসন উভয় অঙ্গনেই এখন ফুটবল নিয়ে আলোচনা। সিলেটের উন্নয়নে যারা রাজনীতি করছেন, তারাও কোনো না কোনো ফুটবল দল ভালোবাসেন এবং সমর্থন করেন।
আপনাদের মনে আছে, ২০১৮ সালে, ১৩ জুন বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল খেলতে নেমেছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট ক্রীড়ালেখক সমিতি এ প্রীতি ম্যাচের আয়োজন করেছিল। সেই থেকে সবাই জেনে গেছেন, সাবেক মেয়র ও বর্তমান প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। কেননা, ওই প্রীতি ম্যাচে তিনি ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফুটবল খেলতে নেমেছিলেন।
আর সিসিকের আরেক জননন্দিত মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন আর্জেন্টিনার সমর্থক।
সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালিক ইংল্যান্ড দলের সমর্থক। তিনি মূলত দেশপ্রেম থেকে ইংল্যান্ড দলকে ভালোবাসেন। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় ইংল্যান্ড অর্থসহ সব ধরনের সহযোগিতা করেছিল। তাই বাংলাদেশের পরে আমি ইংল্যান্ড ফুটবল দলের ভক্ত। তাছাড়া দলটি খেলে ভালো, এর আগেও বিশ্বকাপ জিতেছে। তাদের বেকহামকে সারা বিশ্বের মানুষ চিনে।’
সিসিকের বর্তমান প্রশাসক সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তার কাছে প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে হেসে দিয়ে বলেন,‘ আমি রে ভাই , যে দল ভালো খেলবে, সেই দল সাপোর্ট করি। আমার নির্দিষ্ট কোনো পছন্দের দল নেই।’
সিলেট জেলা পরিষদের প্রশাসক কাহের শামিম। তিনি হেসে-হসে তার পছন্দের দলের নাম বলেছেন। তার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। ম্যারাডোনা থেকে মেসি-দুজনই আমার প্রিয় ফুটবলার। এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নিবে।’
এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি সিলেটকে নিরাপদ ও সুন্দর রাখতে প্রতিনিয়তই নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। কঠিন কাজে ব্যস্ত থাকলেও তার একটি প্রিয় ফুটবল দল আছে, সেই দল জার্মানি। তিনি বলেন, ‘জার্মানি ভালো লাগে কারণ, ওরা ছক কষে নিখুঁতভাবে গোছালো ফুটবল খেলে। আমি প্রত্যাশা করি, জার্মানি এবার বিশ্বকাপ জিতবে।’
সিলেটকে সুন্দর রাখতে কাজ করছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি সিলেটের পর্যটন উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত, টেকসই স্থায়ী উন্নয়ন প্রকল্পগ্রহণ করে নিরলসভাবে নানা উদ্যোগ নিচ্ছেন। ইতোমধ্যেই সিলেটবাসী তার এসব উদ্যোগে একটি পরিচ্ছন্ন সিলেট শহর উপহার পেয়েছেন। জানতে চাইলে তিনি মৃদু হেসে বলেন, ‘না-না বলা যাবে না। আমরা সরকারি কর্মকর্তা, আমরা এরকম প্রিয় দল বলতে পারি না।’
সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তা-ই নয়, কয়েস লোদীর পুরো পরিবারই আর্জেন্টিনা। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে আমার পরিবারের সকলেই আমরা আর্জেন্টিনা দল সাপোর্ট করি। আমরা আশাবাদী, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’
এদিকে, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তার প্রিয় ফুটবল দল ব্রাজিল। তিনি বলেন, ‘আমি সেই ছোটবেলা থেকেই ব্রাজিল দল সাপোর্ট করি। নেইমার তো প্রিয় ফুটবলার, পাশাপাশি দলটিতে অনেক তারকা ফুটবলার আছেন। তাই আমি মনে করি, এবার ব্রাজিলই বিশ্বকাপ নিবে।’
সিলেট মহানগর বিএনপির এই দুই নেতা আগামী সিসিক নির্বাচনে অংশ নিতে সক্রিয় প্রচারনা করছেন। তারা সিলেট নগরীর বিভিন্ন সভা-সেমিনার ও সামাজিক অনুষ্ঠানে সরব উপস্থিতি রেখে চলেছেন। কিন্তু সিসিক নির্বাচন ঘিরেও দুজনের দুপথ আলাদা, কাকতালীয়ভাবে বিশ্বকাপ ফুটবলেও দুজনের পছন্দের ফুটবল দলও চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা।
এদিকে, সিসিক নির্বাচনে আরেক প্রার্থী হলেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলের খেলা আমার সবসময়ই ভালো লাগে। আমার বিশ্বাস, এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবে।’ আগামী নির্বাচনে মেয়র প্রার্থী ইশতিয়াক সিদ্দকী বলেন,‘ আমার জন্য দোয়া করবেন, আমি সিলেটকে একটি পর্যটন নগরী করতে ক্লিন সিটি হিসেবে গড়ার স্বপ্ন দেখছি।’
