https://www.emjanews.com/

16327

weather

প্রকাশিত

১২ জুন ২০২৬ ২২:০২

আপডেট

১২ জুন ২০২৬ ২২:০৪

আবহাওয়া

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের আভাস

প্রকাশ: ১২ জুন ২০২৬ ২২:০২

ছবি: সংগৃহীত

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় আগামী পাঁচ দিন সিলেটসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন (শুক্রবার) সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

দ্বিতীয় দিন (শনিবার) সিলেটসহ রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তৃতীয় দিন (রোববার) সিলেট বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই প্রবণতা চতুর্থ দিন (সোমবার) ও পঞ্চম দিন (মঙ্গলবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। এতে স্বাভাবিক জনজীবনে সাময়িক ভোগান্তির আশঙ্কাও রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। তাই সিলেটসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।