গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ, তবুও রক্ষা হয়নি: মালয়েশিয়ায় ৭৯ অভিবাসী আটক
প্রকাশ: ১২ জুন ২০২৬ ২২:২৬
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের সাবাক বারনাম এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে গ্রেফতার এড়াতে কয়েকজন বিদেশি নাগরিক নদীতে ঝাঁপ দেন। এমনকি কেউ কেউ দীর্ঘ সময় নদীর পানিতে অবস্থান করেও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১২ জুন) ভোরে শুরু হওয়া এ অভিযানে সাবাক বারনামের বাগান নাখোদা ওমর জেলেপল্লীকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে মোট ৭৯ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে উপস্থিত ছিলেন সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের (নিয়ন্ত্রণ শাখা) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি বিন কামারুদ্দিন এবং (ব্যবস্থাপনা শাখা) উপপরিচালক রেডম্যান বিন সাফার। তাদের সঙ্গে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারাও অংশ নেন।
সেলাঙ্গর রাজ্য জাতীয় নিরাপত্তা পরিষদের (এমকেএন) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আরও অংশ নেয় মালয়েশিয়া পুলিশ বাহিনী (পিডিআরএম), সেলাঙ্গর অভিবাসন বিভাগ (জেআইএম), মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এপিএমএম) এবং সেলাঙ্গর অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন)।
গ্রেফতাদের পরবর্তী জিজ্ঞাসাবাদ, রিমান্ড ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিয়হ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
