ছবি: সংগৃহীত
সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মোংলা থানাধীন জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় এ হামলার ঘটনা ঘটে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলার জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর দস্যুদের রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে পারছিল না বনদস্যু ও তাদের সহযোগীরা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায় বলে দাবি করেছে কোস্টগার্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধুচক্র নিজেদের অপকর্ম অব্যাহত রাখার উদ্দেশ্যে ওই এলাকা থেকে কোস্টগার্ডকে সরিয়ে দিতে চায়। এ লক্ষ্যেই পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও বনাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, বনদস্যু দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
