https://www.emjanews.com/

16348

national

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ১৩:৪০

জাতীয়

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন জামায়াতের আমির

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৩:৪০

ছবি: সংগৃহীত

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দুপুরে নিজের ফেইসবুক ভেরিফাইড পেইজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া।

ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।

আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

এর আগে শুক্রবার দুপুরে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে ১৬০ কোটির একটি শক্তিশালী জনশক্তি গড়ে উঠবে, যা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি ও অন্যান্য খাতে দুই দেশের যৌথ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সীমান্ত, ভ্রমণ ও বাণিজ্যসংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশ একই আকাশ-বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’