ছবি: ইমজা নিউজ
বিশ্বকাপের আবহে সিলেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে মাসব্যাপী ফুটসাল টুর্নামেন্ট ‘সিওএস (ক্ল্যাশ অব সানডে) মিনি বিশ্বকাপ-২৬’-এর।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টায় গুয়াবাড়ি রয়্যাল ফিল্ড ফুটসাল মাঠে ছয়টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে মিল রেখে আয়োজিত এই ম্যাচ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ‘দ্য এলিটস রেস্টুরেন্ট’-এর কর্ণধাররা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সহ-পৃষ্ঠপোষক ‘ফেইথ ওভারসিজ কনসালটেন্সি’-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। টুর্নামেন্টের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘অ্যাব্রোডিয়া গ্লোবাল’, ‘এক্সপার্ট এডুকেশন’ এবং ‘ট্রাফির ডটকম’।
আয়োজক সংগঠন ‘ক্ল্যাশ অব সানডে (সিওএস)’ একটি ফুটসালভিত্তিক ফুটবল কমিউনিটি, যা যুবসমাজকে খেলাধুলা, শৃঙ্খলা, বন্ধুত্ব ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। সংগঠনটির লক্ষ্য তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সদস্য, ক্লাবের সদস্য, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজকরা বলেন, ‘সিওএস মিনি বিশ্বকাপ-২৬’ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি যুবসমাজের মধ্যে সম্প্রীতি, ক্রীড়াসুলভ মনোভাব, নেতৃত্বগুণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মাসব্যাপী এই আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
