https://www.emjanews.com/

16369

sylhet

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ২২:৫১

সিলেট

ছাতক সরকারি কলেজকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে: এমপি কলিম উদ্দিন মিলন

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ২২:৫১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘শুধুমাত্র ভবন নির্মাণ করলেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্পন্ন হয় না। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করেই একটি প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা ছাতক সরকারি কলেজকে শিক্ষা ও সকল ক্ষেত্রে সিলেটের শীর্ষস্থানীয় কলেজগুলোর কাতারে নিয়ে যেতে চাই, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যত্র ছুটতে না হয়।’

শনিবার (১৩ জুন) দুপু‌রে ছাতক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কলেজের অবকাঠামোগত ও শিক্ষাবান্ধব উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে লিফট সুবিধাসহ ৬ তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন নির্মাণ, কলেজ ক্যাম্পাসে ১০টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, বাউন্ডারি ওয়াল নির্মাণ, খেলার মাঠ ভরাট, শহীদ মিনার সংস্কার এবং অভ্যন্তরীণ রাস্তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস।

এছাড়াও তিনি কলেজের বিজ্ঞানাগার সংস্কারের জন্য ২ লাখ টাকা, খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ১ লাখ টাকা, বিএনসিসির উন্নয়নে ১ লাখ টাকা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ১ লাখ টাকা, ছাত্রীদের কমনরুম উন্নয়নের জন্য ২ লাখ টাকা এবং কলেজের অসুস্থ এক অফিস সহকারীর চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে এবং অধ্যাপক আলমগীর হোসেন ও ইসমত আরা বেগমের যৌথ সঞ্চালনায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক বিলাল আহমদ, হোসনে আরা মুনতাহা, ফখর উদ্দিন স্বপন, রহিমা আক্তার হিরা, ছাত্রদল নেতা মাহদি আলম, ইশতিয়াক আহমেদসহ অন্যান্য বক্তারা।

বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ডেইজি রায় গীতা থেকে পাঠ করেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক রাজীব কুমার দাস, আনন্দ কুমার সরকার, উজ্জ্বল কুমার দাস, জাকির আলী, একেএম বাকের হোসেন হাওলাদার, আব্দুল হামিদ, রুপারানী তালুকদার, মোছা. ফরিদা বেগম, দীপালী রানী দাস, বিপ্লব রায়, হিরন্ময় শর্মা, পংকজ সরকার, হিসাবরক্ষক আব্দুর রহিম, যুবদল নেতা মো. মানিক মিয়া, ছাত্রদল নেতা হুসাইন আহমেদ, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শাওন আহমেদ, রাহেল আহমেদসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক।

এর আগে প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে বিএনসিসি ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা আশা প্রকাশ করেন, ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ছাতক সরকারি কলেজ অদূর ভবিষ্যতে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আধুনিক ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।