ছবি: ইমজা নিউজ
বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্যহার অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের হিসাব নিশ্চিত করতে প্রিপেইড মিটারগুলো হালনাগাদ করা প্রয়োজন। গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন।
এ বিষয়ে কোনো ধরনের সমস্যা বা সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিভিন্ন বিতরণ সংস্থার কল সেন্টার নম্বরগুলো হলো—
বিপিডিবি- ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড- ১৬৮৯৯, ডিপিডিসি- ১৬১১৬, ডেসকো- ১৬১২০, নেসকো- ১৬৬০৩, ওজোপাডিকো- ১৬১১৭।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত পদ্ধতিতে মিটার আপডেট না করলে নতুন মূল্যহার অনুযায়ী বিল গণনায় জটিলতা দেখা দিতে পারে। তাই দ্রুত মিটার হালনাগাদ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
