ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কামরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এক ইউপি সদস্য ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন এবং তার মেয়ে মোসাম্মৎ রুকসানা আক্তার।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীর পাড় এলাকায় পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কামরুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন কামরুল ইসলাম (২৮)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার মেয়ে রুকসানা আক্তারও আহত হন।
ঘটনার পর মঙ্গলবার (২৩ জুন) নিহত কামরুল ইসলামের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও তার মেয়ে রুকসানা আক্তারকে গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কামরুল ইসলামের হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
