সিলেটে সিসিক প্রশাসকের উন্নয়ন কাজ পরিদর্শন ও দ্রুত সমাপ্তির নির্দেশ
সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রকাশ: ৩০ জুন ২০২৬ ২১:৩৮
ছবি: সিসিক
সিলেট নগরীর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনের সময় তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে প্রকল্প শেষ করার কড়া নির্দেশনা দেন। মূলত নাগরিক দুর্ভোগ লাঘব, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক মানের সেবা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে প্রশাসক ২১ নম্বর ওয়ার্ডের ফরহাদ খাঁর পুল থেকে সোনারপাড়া পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি জনভোগান্তি কমাতে রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। এরপর হলদি ছড়া পরিদর্শনকালে তিনি শহরের জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক জলাধারগুলো সচল রাখা এবং নিয়মিত পরিষ্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনের শেষভাগে প্রশাসক ৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরাণ চৌমুহনা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য অস্থায়ী সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের নির্ধারিত স্থান এবং ধনুকান্দি এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন। পরে হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন পুকুরের ঘাট ও ওয়াকওয়ে নির্মাণকাজ তদারকি করে তিনি বলেন, দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও ঐতিহ্যের সুরক্ষায় এই প্রকল্পের বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সর্বশেষ ১৪ নম্বর ওয়ার্ডের জল্লারপার এলাকায় জলাধার সংরক্ষণ ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করে তাদের অভাব-অভিযোগ শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার টেকসই সমাধানের আশ্বাস প্রদান করেন।
