https://www.emjanews.com/

16812

weather

প্রকাশিত

০১ জুলাই ২০২৬ ২১:২০

আবহাওয়া

সিলেটে স্বস্তির বৃষ্টি, রয়েছে ভারি বর্ষণের শঙ্কা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২১:২০

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গরমের দাপটও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ অবস্থায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে ভ্যাপসা গরম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলের বাসিন্দাদের বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।