https://www.emjanews.com/

16903

sylhet

প্রকাশিত

০৫ জুলাই ২০২৬ ২০:৩৪

সিলেট

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন রুখতে কঠোর হুঁশিয়ারি এমপি কামরুলের

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, যাদুকাটা ও মাহরাম নদী রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পরিবেশের ক্ষতি করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বা আত্মীয়তার সম্পর্ক বিবেচনায় নেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

রবিবার (৫ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কামরুল হুশিয়ারি দিয়ে বলেন, 'যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে, তাকে জনতাকেই রুখে দিতে হবে। অপরাধী যদি আমার আত্মীয় বা দলীয় নেতাকর্মীও হয়, তবে প্রয়োজনে তাকে বিহিত ব্যবস্থার জন্য আটকে রাখুন।'

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণির স্বার্থান্বেষী মহলের বালু উত্তোলনের ফলে যাদুকাটা ও মাহরাম নদীর গতিপথ ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি বর্তমানে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না।

নদী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রতন মিয়া, যুগ্ম-সম্পাদক জুনাব আলী, জেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন, আব্দুস সামাদ মুন্সী ও মাহবুব মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।