ছবি: নিহত সাকিব আহমদ।
সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছে সাকিব আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র।
জাফলংয়ের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে রোববার (৫ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের আরও দুই সহপাঠী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
নিহত সাকিব উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলো- জাফলং ছৈলাখেল গ্রামের রায়হান আহমেদ রাহুল ও লাখেরপাড় গ্রামের জয়। তারা সবাই স্থানীয় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ করে তিন বন্ধু মিলে একটি পালসার মোটরসাইকেল নিয়ে জাফলং চা বাগান এলাকায় ভ্রমণে বের হয়। রাধানগর-বাউরভাগ সড়কে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহত রাহুল ও জয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়া সম্পন্ন করছে।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
