ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় এবার সিলেট রেঞ্জে সংযুক্ত ও কর্মরত চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সরকারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বিধি অনুযায়ী তারা অবসরকালীন সব ধরনের সুবিধা পাবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জে সংযুক্ত বা কর্মরত যেসব কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে গেছেন তারা হলেন- সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-সেবা; সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, বিপিএম, পিপিএম; সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এবং সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা।
একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত মোট ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি)।
অবসরে যাওয়া কর্মকর্তাদের অধিকাংশই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
সরকারের এ সিদ্ধান্তের পর পুলিশ প্রশাসন, বিশেষ করে সিলেট রেঞ্জজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসরকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
