https://www.emjanews.com/

16897

jobs

প্রকাশিত

০৫ জুলাই ২০২৬ ১৮:৩৯

চাকুরী

সারাদেশে শিক্ষক নিয়োগে প্রস্তুতি শুরু করেছে এনটিআরসিএ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ১৮:৩৯

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নবম শিক্ষক নিয়োগের (৯ম গণবিজ্ঞপ্তি) চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের ওপর। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের খবর প্রচার করা হলেও এনটিআরসিএ কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অসমর্থিত’ বলে দাবি করেছে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত পদের সঠিক সংখ্যা বা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। বিজ্ঞপ্তি প্রকাশের সময়ই কেবল বিষয়ভিত্তিক শূন্যপদের পূর্ণাঙ্গ তথ্য জনসম্মুখে আনা হবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে ‘ই-রিকুইজিশন’ বা শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়। একইসঙ্গে সম্পন্ন হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান পরিমার্জন বা ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ শিক্ষক এবং ২ লাখের বেশি কর্মচারী কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে নিবন্ধন সনদ প্রদান করলেও ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় এনটিআরসিএ। এ পর্যন্ত সাতটি বড় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষককে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করেছে।

বর্তমানে বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা কয়েক লাখ চাকরিপ্রার্থীর দৃষ্টি এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের দিকে।