ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেগা প্রকল্পের নামে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হলেও এখন আর অনিয়মের কোনো সুযোগ থাকবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
শনিবার (১১ জুলাই) বিকালে শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমেদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের কৃষক কার্ড দেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। প্রকৃত কৃষকদের হাতে কার্ড পৌঁছে দিতে প্রশাসনকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিলেও আল্লাহর রহমতে এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছুফি মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
