হবিগঞ্জে নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৯:৩২
ছবি: ইমজা নিউজ
জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউস।
সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।
এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা তাদের মতামত, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।
সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। পুলিশকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।
পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ বলেন, হবিগঞ্জ জেলা পুলিশ জনগণের আস্থা অর্জন এবং সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়েই পুলিশি কার্যক্রম পরিচালনা করা হবে।
মতবিনিময় সভা শেষে রাত ৮টার দিকে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের উপস্থিতিতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে জেলা পুলিশের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
