হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর এক বিশেষ অভিযানে ৯৬ বোতল নিষিদ্ধ ‘ইসকফ’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মো. আকাশ আহম্মদ (২০) এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৩৪)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিলেট এবং শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল জানতে পারে যে, সিলেট সীমান্ত থেকে একটি মাদকবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে রাত ৩টা ২৫ মিনিটের দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু হয়। এসময় একটি হলুদ-নীল রঙের ট্রাককে থামার সংকেত দিলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করেন। র্যাবের আভিযানিক দল ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে এবং ট্রাকে তল্লাশি চালিয়ে টুল বক্সের ভেতর থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসকল নিষিদ্ধ দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
